আল্লাহর বান্দা ও আমিরুল মোমেনিন আলীর কাছ থেকে কর আদায়কারীদের প্রতি ? যে লোক কোথায় যাচ্ছে তা মনে করে ভয় পায় না সে নিজের জন্য অগ্ৰীম কিছু প্রেরণ করতে পারে। না, যা তাকে রক্ষা করবে। জেনে রাখো, তোমাদের ওপর অতি অল্প দায়িত্ব অর্পণ করা হয়েছে কিন্তু এর পুরস্কার অত্যধিক। এতে বিদ্রোহ ও অবাধ্যতার জন্য কোন শাস্তি না থাকলেও আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা থেকে বিরত থাকার পুরস্কার অপরিসীম। মানুষের সাথে ন্যায় সঙ্গত আচরণ করো এবং ধৈৰ্য্যের সাথে মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে কাজ করো। কারণ তোমরা হলে জনগণের খাজাঞ্চি, সমাজের প্রতিনিধি এবং ইমামের দূত। কোন মানুষকে তার প্রয়োজন থেকে বঞ্চিত করো না এবং তার চাহিদা পূরণে তাকে বাধাগ্রস্থ করো না। জনগণের কাছ থেকে খারাজ (কর) আদায় করার জন্য তাদের কাপড় চোপড় বিক্রি করতে বাধ্য করো না, তাদের কাজের উপযোগী পশু ও দাসদাসী বিক্রি করতে বাধ্য করো না। একটি দিরহামের জন্যও কাউকে বেত্ৰাঘাত করো না। কোন মুসলিম ও নিরাপত্তা প্রদত্ত অমুসলিমের সম্পত্তি স্পর্শ করো না। কিন্তু যদি তোমরা দেখা যে, তাদের অস্ত্র ও ঘোড়া মুসলিমদেরকে আক্রমণের জন্য প্রস্তুত করে তবে তা নিয়ে নিয়ো। কারণ ইসলামের শত্রুদের কাছে এসব রাখতে দেয়া মুসলিমদের উচিত হবে না— এতে শত্রু ইসলামের বিরুদ্ধে শক্তি সঞ্চার করতে পারে। কোন সৎ পরামর্শ প্রদানে, সৈন্যবাহিনীর প্রতি ভাল ব্যবহার করাতে, প্রজাদের প্রতি দয়া দেখাতে এবং আল্লাহর দ্বিনে দৃঢ় থাকতে অমনোযোগী হয়ো না। আল্লাহর পথে সংগ্রাম কর; এটা তোমাদের অত্যাবশ্যকীয় কর্তব্য। মহিমান্বিত আল্লাহ্ চান আমরা এবং তোমরা যেন তাঁর প্রতি কৃতজ্ঞ থাকি এবং আমাদের সর্বশক্তি দিয়ে যেন তাঁর দ্বিনের সহায়তা করি। আল্লাহ সর্বশক্তিমান, চির সমুন্নত ও চির মহিমান্বিত ।